পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান

, বিশ্ব

পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি। যুদ্ধ অবসানের জন্য উত্থাপিত সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। বার্তা সংস্থা মিজানকে তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত এসব স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে কোনো প্রটোকল বিদ্যমান নেই।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাসান কাশকাভি অভিযোগ করেন, সামরিক হামলার মাধ্যমে যা অর্জনে ব্যর্থ হয়েছে, এখন কূটনৈতিক চাপ প্রয়োগ করে তারা সেটিই হাসিল করার চেষ্টা চালাচ্ছে। তবে সংস্থাটি এসব প্রচেষ্টায় কোনো সাফল্য পাবে না বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে আইএইএ ইরানকে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শনের সুযোগ দেওয়ার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে।

জাতিসংঘের এই সংস্থাটি সতর্কবার্তা দিয়ে বলেছে, ইরানের পারমাণবিক উপাদান এবং স্থাপনা সম্পর্কে তথ্যের ঘাটতি পারমাণবিক বিস্তার রোধের ক্ষেত্রে বড় উদ্বেগের বিষয়। বিষয়টিকে তারা সর্বোচ্চ জরুরি হিসেবে আখ্যায়িত করেছে। তবে তেহরান আইএইএর এ ধরনের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে সংস্থাটি ওয়াশিংটনের প্রভাবের কাছে নতি স্বীকার করছে বলেও ইরানের পক্ষ থেকে কড়া অভিযোগ তোলা হয়েছে।