রাজনৈতিক ঐক্য পুনর্গঠনে এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

, বাংলাদেশ

রাজনৈতিক ঐক্য পুনর্গঠনে এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরায় সুসংগঠিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়। এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।

ইতিপূর্বে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সরকারের সেই আহ্বানে বিরোধী দলগুলোর পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখা গেছে। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়টি। বিরোধী দলগুলো ঐক্যের প্রক্রিয়ায় সাড়া দেয়ার পাশাপাশি এই সনদ দ্রুত বাস্তবায়নে সরকারের ওপর প্রয়োজনীয় চাপ বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে। এনসিপির সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ প্রক্রিয়া শুরু হলেও অন্যান্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের চূড়ান্ত সূচি এখনো নির্ধারিত হয়নি।