জার্মানির সঙ্গে কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেছেন, কাতার ও জার্মানির মধ্যকার এই সুগভীর সম্পর্ক কেবল বাণিজ্য বা অর্থনৈতিক স্বার্থ কেন্দ্রিক নয়, বরং এটি উভয় দেশের অভিন্ন নীতি, পারস্পরিক বিশ্বাস এবং গভীর মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত।
শুক্রবার সন্ধ্যায় বার্লিনের স্প্রিভোগেন প্রেসিডেন্ট ভবনে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার কাতারের আমিরের সম্মানে এক আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করেন। সেখানে দেওয়া বক্তব্যে আমীর জানান, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠা, যেকোনো বিরোধের শান্তিপূর্ণ সমাধান, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে দুই দেশ একই দৃষ্টিভঙ্গি পোষণ করে। বৈশ্বিক প্রেক্ষাপটে জার্মানির ইতিবাচক ভূমিকার প্রশংসা করে তিনি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভবিষ্যতেও দুই দেশের ঘনিষ্ঠ পরামর্শ ও সমন্বয় অব্যাহত থাকবে বলে আশা জানান।
অর্থনৈতিক ও জ্বালানি খাতের অগ্রগতির বিষয়ে আলোকপাত করে আমির শেখ তামিম জানান, আগামী দিনে কাতার বৈজ্ঞানিক গবেষণা, উন্নত শিল্প খাত এবং প্রযুক্তিগত অংশীদারিত্বে জার্মানির সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করতে আগ্রহী। এতে করে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ জনগণের স্বার্থ নিশ্চিত হবে।
নৈশভোজে কাতারের আমিরকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বলেন, বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমিরের এই সফর দুই দেশের মধ্যকার সুদৃঢ় বন্ধন ও ধারাবাহিক উন্নয়নের বাস্তব প্রতিফলন। এ সময় তিনি কাতারের আধুনিকায়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রয়াত পিতা আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জার্মান প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে রাজনীতি, কূটনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তি ও উদ্ভাবনসহ বহুমুখী খাতে কাতারের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান, কাতারের আমিরের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমন এবং ওই অঞ্চলে একটি নতুন টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষ একসাথে কাজ করতে একমত হয়েছে।
উচ্চপর্যায়ের এই নৈশভোজে কাতারের পক্ষে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। জার্মানির পক্ষে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, বুন্ডেসটাগের প্রেসিডেন্ট জুলিয়া ক্লকনারসহ বিভিন্ন মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।



