জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য স্থলপথ পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা। গত রোববার ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধিদলে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। পেট্রাপোল সীমান্ত ও সেখানকার ইমিগ্রেশন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেছেন তারা। রোববার (২২ নভেম্বর) ভারতের কয়েকটি গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়। তবে তাদের সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। পেট্রাপোল সীমান্ত দিয়েই হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। পাশাপাশি শেখ হাসিনা কোন বাস্তবসম্মত পথে বাংলাদেশে ফিরতে পারেন, তা পর্যালোচনা করাও তাদের সফরের লক্ষ্য।
ভারতের গণমাধ্যম সিএনএন-নিউজ ১৮ এবং নিউজ ১৮-এর তথ্যানুযায়ী, এই প্রতিনিধিদলটির আগামী কয়েক দিনের মধ্যে আগরতলা সীমান্ত পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে, আওয়ামী লীগ নেতাদের এই সীমান্ত সফরের বিষয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি, বরং সবাই যেন অপেক্ষা করেন এবং পরিস্থিতি দেখেন।



