দ্বীপজেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত করতে হিজলা ও মেহেন্দিগঞ্জ হয়ে একটি নতুন মহাসড়ক নির্মাণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্বীপ জেলাটিকে জাতীয় সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এখন এই লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। এজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত এই মহাসড়কটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রহমতপুর, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা এবং মেহেন্দিগঞ্জ দিয়ে ভোলা সদর উপজেলার ইলিশা পর্যন্ত বিস্তৃত হবে। এ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ হাজার ৫৬৫ কোটি ৮২ লাখ টাকা। প্রকল্পটির কাজ ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চার বছর মেয়াদে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ২০২৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর ২০২৮ সালের প্রথমার্ধে ঠিকাদার নিয়োগ এবং জুলাই থেকে মূল অবকাঠামো নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর থেকে ভোলা সদর উপজেলার সঙ্গে সড়ক সংযোগ স্থাপন করা হবে।
প্রকল্পের অবকাঠামোগত পরিকল্পনায় রয়েছে নতুন সড়ক নির্মাণ, বিদ্যমান সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন। এর আওতায় তিনটি বড় সেতু, ১৫টি পিসি গার্ডার সেতু, বিভিন্ন ভায়াডাক্ট এবং ৭০টি বক্স কালভার্ট তৈরি করা হবে। মূল গুরুত্বপূর্ণ সেতুর মধ্যে ধর্মগঞ্জ নদীর ওপর ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ সেতু এবং গণেশপুরা নদীর ওপর ১ হাজার ৪০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। এছাড়াও আরও একটি ৩০০ মিটার দীর্ঘ সেতুর প্রস্তাব রাখা হয়েছে। সব মিলিয়ে ১৬ দশমিক ৯০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের পাশাপাশি বিদ্যমান ৩৬ কিলোমিটার সড়ক প্রশস্ত ও মজবুত করা হবে। এ কাজের জন্য ১৩৭ হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে এবং নদী ভাঙন রোধে আট কিলোমিটার দীর্ঘ নদীশাসনের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে নৌযান ও ফেরির ওপর নির্ভরশীল এসব এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের সুযোগ বাড়বে। বরিশালের লাহারহাট ফেরিঘাট ও ভোলার ভেদুরিয়া ফেরিঘাট রুটে মহাসড়কটি হলে তিনটি নদী ও চর অতিক্রম করে ১০ দশমিক ৮৭৬ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রয়োজন হবে। তিনটি বড় সেতু, নতুন সড়ক ১৬.৯ কিলোমিটার: প্রস্তাবিত প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো হচ্ছে তিনটি বড় সেতু। এর মূল সেতুর দৈর্ঘ্য ৯০০ মিটার এবং দুই পাশে ৪০০ মিটার ভায়াডাক্ট থাকবে। শান্তিরহাট থেকে দাদপুর সংযোগের জন্য ৩০০ মিটার দীর্ঘ আরেকটি সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। এর মধ্যে মূল সেতু ১ হাজার ১০০ মিটার এবং দুই পাশে ৩০০ মিটার ভায়াডাক্ট থাকবে। এসব অবকাঠামোর মোট দৈর্ঘ্য ১ হাজার ৪৫০ মিটার। সড়কটির প্রস্থ হবে ১০ দশমিক ৩ মিটার।
সড়ক ও জনপথ অধিদপ্তরের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ভোলাকে যুক্ত করার জন্য লাহারহাট-ভেদুরিয়া রুটের চেয়ে হিজলা-মেহেন্দিগঞ্জ রুটটি সাশ্রয়ী। লাহারহাট-ভেদুরিয়া রুটে সেতু নির্মাণের জন্য প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ের সম্ভাবনা থাকলেও, প্রস্তাবিত হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে ব্যয় প্রায় ১২ হাজার ৪৩৪ কোটি টাকা কম হবে। যদিও বরিশাল শহর থেকে লাহারহাট রুটের দূরত্ব কম, কিন্তু সামগ্রিক অর্থনৈতিক বিবেচনায় সওজের প্রস্তাবিত রুটটি বেশি গুরুত্ব পেয়েছে। এই মহাসড়কটি নির্মিত হলে ভোলার ২০ লাখের বেশি মানুষ সরাসরি সড়ক যোগাযোগের সুবিধা পাবে। তুলনামূলক হিসাবে দ্বিতীয় রুটটিতে ব্যয় অনেক কম হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। এর মধ্যে নদীশাসনেই ব্যয় হতে পারে প্রায় ১০ হাজার কোটি টাকা। এ প্রস্তাবে মহাসড়কটি নির্মিত হলে দূরত্বের হিসাব দেখানো হয়েছে— ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-গোসাইরহাট হয়ে ভোলা পর্যন্ত প্রায় ১৫৫ কিলোমিটার এবং পদ্মা সেতু হয়ে ভাঙ্গা থেকে ভোলা পর্যন্ত প্রায় ২৩৭ কিলোমিটার। অন্যদিকে লাহারহাট-ভেদুরিয়া রুটে পদ্মা সেতু-ভাঙ্গা হয়ে ঢাকা থেকে দূরত্ব প্রায় ২২৭ কিলোমিটার। তবে বরিশাল শহর থেকে সওজের প্রস্তাবিত রুটের দূরত্ব প্রায় ৭৬ কিলোমিটার, লাহারহাট-ভেদুরিয়া রুটে যা প্রায় ৫২ কিলোমিটার। এ রুটে সেতুগুলোর মোট দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। গ্যাস, মৎস্য ও কৃষিতে খুলবে অর্থনৈতিক সম্ভাবনা: এ মহাসড়কের গুরুত্ব শুধু যাতায়াতের মধ্যে সীমাবদ্ধ নয়।
এই প্রকল্পের ফলে ভোলার প্রাকৃতিক গ্যাস, মৎস্যসম্পদ এবং কৃষিপণ্যের অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত হবে। প্রথম ছয় মাসে বিস্তারিত জরিপ ও নকশা প্রণয়ন করা হবে।
বিশেষ করে, উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে পণ্য পরিবহন ব্যয় ও সময় কমে আসবে, যা স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আনবে। এছাড়া ভোলার অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে স্থানান্তর এবং নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার পরিবেশ তৈরি হবে। প্রকল্প প্রস্তাবে পর্যটন সুবিধার বিষয়টিও অন্তর্ভুক্ত রাখা হয়েছে, যার মধ্যে আধুনিক বিশ্রামাগার, রিভারফ্রন্ট ভিউয়িং জোন, শিশু পার্ক ও সবুজ বেষ্টনী তৈরির পরিকল্পনা রয়েছে। এটি কেবল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং ভোলা ও পার্শ্ববর্তী অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও পর্যটন খাতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে দ্বীপাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা অনেকটাই কমবে।



