কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতনের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

, বাংলাদেশ

কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতনের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে নির্যাতনের দায়ে একরাম মোল্লা (৭৬) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত একরাম মোল্লা ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার দিকে আসামি একরাম মোল্লা তার বাড়িতে আশ্রয় নেওয়া ১৫ বছর বয়সি ওই কিশোরীকে জোরপূর্বক নির্যাতন করেন। ঘটনার পর ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার মাকে জানায়। এরপর কিশোরীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় একরাম মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে এই রায় প্রদান করা হলো।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, বিচারিক প্রক্রিয়ায় সাতজন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণ ও শুনানির পর আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই কঠোর দণ্ডাদেশ প্রদান করেছেন। রায়ের মাধ্যমে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।