মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ষষ্ঠ মোহাম্মদ আন্তর্জাতিক পবিত্র কুরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও তাফসীর প্রতিযোগিতা’র ২০তম আসরে কাতার তৃতীয় স্থান অর্জন করেছে। রাবাতের ‘মোহাম্মদ ষষ্ঠ ইনস্টিটিউট ফর দ্য ট্রেনিং অব ইমামস মরশিদিন অ্যান্ড মরশিদাত’-এ আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতিমান হাফেজ ও কারিরা অংশ নেন।
কাতারের প্রতিনিধিত্ব করে এই গৌরব অর্জন করেছেন হাফেজ ইউসুফ আহমেদ আশীর। তিনি পূর্ণাঙ্গ কুরআন হিফজ, সুন্দর তিলাওয়াত এবং তাফসীর বা ব্যাখ্যা বিভাগে নিজের দক্ষতা প্রদর্শন করে বিশ্বমঞ্চে এই সাফল্য তুলে আনেন। তার এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছে কাতারের ধর্মবিষয়ক ও ইসলামি বিষয়ক মন্ত্রণালয় (আওকাফ মন্ত্রণালয়)।
মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ও বিভিন্ন ফোরামে কাতারের সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিভাবান হাফেজদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন এই সাফল্য। আওকাফ পরিচালিত কুরআন শিক্ষা ও হিফজ কর্মসূচিগুলোর উচ্চমান এবং পবিত্র কুরআনের খেদমতে কাতারের ভূমিকা এই অর্জনের মাধ্যমে পুনরায় প্রমাণিত হলো। একইসঙ্গে, এটি বিশ্ব দরবারে ইসলামের সাম্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে দেশটির প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করেছে।



