কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মুল্লুক’: চা-শ্রমিকদের সংগ্রামের গল্প

, বিনোদন

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মুল্লুক’: চা-শ্রমিকদের সংগ্রামের গল্প

চা-বাগানের শ্রমিকদের মুখে মুখে প্রচলিত লোকগানকে নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা। চতুর্থ মৌসুমের চতুর্থ গান হিসেবে গতকাল রাতে ‘মুল্লুক’ শিরোনামের এই গানটি মুক্তি পেয়েছে। গানটিতে চা-শ্রমিকদের দীর্ঘদিনের ইতিহাস, শেকড়ের টান, আত্মপরিচয় এবং নিজের ঠিকানা খুঁজে পাওয়ার আকুলতা ফুটে উঠেছে।

গানটির মূল ভাবনা নেওয়া হয়েছে শতবর্ষ আগের চা-শ্রমিকদের জীবনসংগ্রাম ও ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’ থেকে। সেই সময়ের সংগ্রামের প্রেক্ষাপট এবং নিজের মাটিতে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে গানে তুলে ধরা হয়েছে। লোকগানের মূল সুরের সঙ্গে নতুন কথা ও সুর সংযোজন করেছেন শিবু কুমার শীল। গানটিতে কণ্ঠ দিয়েছেন চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। তাঁদের গায়কীর সঙ্গে মেঘদলের সংগীতায়োজন এবং শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ গানটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।

কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, গানটি কেবল চা-শ্রমিকদের জন্যই নয়, বরং তাঁদের জন্যও উৎসর্গ করা হয়েছে যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন। গানটি বর্তমানে কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।