ফরিদপুরের সদরপুরে বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারিতে এখন ফুলের বাগান

, বাংলাদেশ

ফরিদপুরের সদরপুরে বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারিতে এখন ফুলের বাগান

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ঘিরে দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনার চিত্র এখন পুরোপুরি বদলে গেছে। একসময় এই এলাকাটি ভাঙাচোরা গাড়ি ও বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিংয়ের দখলে ছিল। ধুলোবালি ও ময়লা-আবর্জনার স্তূপের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো, এমনকি প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ত তারা। এই সমস্যা নিয়ে গত ১১ জুলাই সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো নড়েচড়ে বসে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নোটিশ জারি করা হলে দ্রুত তা উচ্ছেদ করা হয়।

অবৈধ পার্কিং উচ্ছেদের পর বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় অভিভাবক, শিক্ষানুরাগী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং ‘বাবুরচর তেরেনাম’ নামক একটি যুব সংগঠন যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্কুলের দেয়াল নতুন করে রং করা হয় এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একসময়ের অবৈধ পার্কিংয়ের সেই স্থানে এখন বিভিন্ন জাতের ফুলের গাছ লাগানো হয়েছে। গাছগুলোকে সুরক্ষিত রাখতে দেওয়া হয়েছে বেড়া। বর্তমানে বিদ্যালয়ের বাউন্ডারির চারপাশ এক মনোরম ও পরিচ্ছন্ন রূপ পেয়েছে, যা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করেছে।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম হাওলাদার জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অবৈধ পার্কিং উচ্ছেদের চেষ্টা করছিলেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও এলাকার তরুণ সমাজ সম্মিলিতভাবে যে কার্যকর পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়। তিনি শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাংগীর হোসেন বলেন, আগে যেখানে ভাঙাচোরা গাড়ি পড়ে থাকত, আজ সেখানে ফুলের গাছ শোভা পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে এ ধরনের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় যুব সংগঠনের এই উদ্যোগের ফলে শুধু অবৈধ পার্কিংই দূর হয়নি, বরং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবর্তন স্থানীয় শিক্ষা সচেতন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: শিক্ষার্থীরা জানান, আগে বাউন্ডাড়ির পাশে গাড়ি পরে থাকত, ময়লা আবর্জনা জমে থাকত, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটত এখন সেই চিত্র পাল্টে গেছে।