নেপালে সম্প্রতি আঘাত হানা আকস্মিক ও ভয়াবহ বন্যার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। প্রবল স্রোতের তোড়ে মুহূর্তের মধ্যে ঘরবাড়ি ধসে পড়া, গাছপালা ভেসে যাওয়া এবং জনবসতি পানির নিচে তলিয়ে যাওয়ার হৃদয়বিদারক দৃশ্য ফুটে উঠেছে বিভিন্ন ভিডিওতে। এই প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
তবে এই ধ্বংসযজ্ঞের মাঝেও বেঁচে থাকার এক অবিশ্বাস্য ও বিস্ময়কর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, বন্যার প্রবল কাদামিশ্রিত পানির স্রোত একটি সবুজ রঙের বাড়িকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আশপাশের অনেক স্থাপনা যখন পানির তোড়ে ভেসে যাচ্ছে, তখন বাড়িটি অটুট অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে বাড়িটির ভেতরে থাকা পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়।
ভাইরাল হওয়া ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, বন্যার ভয়াবহ স্রোত ও ধ্বংসাবশেষের মধ্যেও বাড়িটি টিকে রয়েছে। এই দৃশ্য দেখে অনেকে পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় যে বাড়িটির ভেতরে আটকে পড়া পরিবারটি শেষ পর্যন্ত এই ভয়াবহ দুর্যোগ থেকে নিরাপদে বেঁচে গেছে। এই তথ্য জানার পর নেটিজেনদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং ভিডিও দুটি লাখ লাখবার দেখা হয়েছে।
বাড়িটির এমন দৃঢ়তা ও টিকে থাকার সক্ষমতা নিয়ে অনলাইনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। যেখানে পানির প্রবল চাপে আশপাশের ভবনগুলো মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গেছে, সেখানে এই বাড়িটি কীভাবে টিকে রইল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। নেটিজেনদের একজন মন্তব্য করেন, ‘এমন পরিস্থিতিতে তাদের মনে কী চলছিল? তারা কি একে অপরকে বিদায় জানাচ্ছিল, নাকি কেউ বেঁচে গেলে কী করতে হবে তা নিয়ে আলোচনা করছিল? তাদের কারও সাক্ষাৎকার নেয়া উচিত।’
অনেকে বাড়িটির নির্মাণশৈলীর প্রশংসা করে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এত ভয়াবহ শক্তির পরও বাড়িটি দাঁড়িয়ে থাকা শক্তিশালী নির্মাণের গুরুত্বের একটি উদাহরণ।’ বাড়িটি নির্মাণকারী ব্যক্তির কারিগরি দক্ষতার প্রশংসা করে অন্য একজন লিখেছেন, ‘যিনি এই ভবনটি তৈরি করেছেন, তাকে কৃতিত্ব দিতেই হয়।’ সবশেষে, পরিবারটির বেঁচে যাওয়ায় অনেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটিকে একটি অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন।



