ইরানকে কেন্দ্র করে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের অন্তত ১১টি দেশে থাকা মার্কিন কূটনৈতিক মিশনগুলো মঙ্গলবার নিরাপত্তা সতর্কতা জারি করেছে। চলমান এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে যেকোনো সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তেহরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এক সতর্কবার্তায় ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, কোনো অবস্থাতেই যেন ইরানে ভ্রমণ না করা হয়, সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ সংক্রান্ত যেকোনো বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ভার্চুয়াল দূতাবাস তেহরানের পাশাপাশি বাহরাইন, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন মিশনগুলোও একই ধরনের সতর্কতা জারি করেছে।



