সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার মালিকানাধীন দেশি-বিদেশি সম্পদ এবং ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের স্বাক্ষরিত চিঠিতে এ দম্পতির পাশাপাশি তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হয়েছে।
আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বিএফআইইউর মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে। দুদকের চিঠিতে বাংলাদেশে পরিচালিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাদের নামে থাকা সঞ্চয়ী, চলতি হিসাব, ক্রেডিট ও ডেবিট কার্ড, লকার, ঋণ সুবিধা, সঞ্চয়পত্র এবং এফডিআর ও ডিপিএসসহ যাবতীয় আর্থিক নথিপত্র ও লেনদেনের ইতিহাস সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
বিদেশে সম্পদ পাচারের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার সহায়তায় তথ্য যাচাইয়ের উদ্যোগ নিতেও বিএফআইইউকে বলা হয়েছে। বিশেষ করে পর্তুগাল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর জমি কেনা, বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ, শেল কোম্পানি গঠন এবং অর্থপাচারের অভিযোগ রয়েছে। এসব দেশে তাদের কোনো বিনিয়োগ বা সম্পদ আছে কি না, তা খুঁজে বের করতেই এই অনুসন্ধানী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।



