দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয় এই দম্পতিকে। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক এমপি নজরুলের চারদিন এবং মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে—মরিয়মের মৃত্যুর সময় আসামিদের উপস্থিত থাকা, তাদের প্ররোচনা বা উস্কানি ছিল কি না তা যাচাই করা, মানসিক চাপ বা ভয়-ভীতি প্রদর্শনের বিষয়টি অনুসন্ধান করা, মামলার অন্যতম পলাতক আসামি ওবায়দুর রহমানের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা এবং ঘটনার মূল রহস্য উদঘাটন। মামলার এজাহারে ভুক্তভোগী মরিয়মের বাবার অভিযোগ, এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা নিয়মিত মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এছাড়া তদন্তের স্বার্থে অজ্ঞাতনামা আসামিদের শনাক্তের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।



