রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টার’ ভাঙচুর ও গুঁড়িয়ে দেয়ার ঘটনায় দেশের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজধানীর বুকে প্রকাশ্যে চর দখলের মতো একটি হাসপাতাল ধ্বংস করার ঘটনা প্রমাণ করে দেশে সরকার আছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেন, রাতভর এমন ধ্বংসযজ্ঞ চললেও তাদের নির্বিকার থাকাটা অপ্রত্যাশিত এবং এ ধরনের পরিস্থিতিতে একটি দেশ চলতে পারে না।
ঘটনাটির নেপথ্যে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গের ইন্ধন রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতা এই ভাঙচুর ও দখলদারির পেছনে রয়েছেন। নাহিদ ইসলাম অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এই ধ্বংসযজ্ঞের মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে প্রায় দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে অতর্কিত হামলা চালায়। ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠনের ব্যানারে চালানো এই হামলায় নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করা হয়। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেয়া হয়। ৫০ বছর ধরে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম চালিয়ে আসা এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাসরিন আখতারের তথ্যমতে, হামলায় এক কোটি টাকার বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।



