রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক অফিস আদেশে তাকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, ওসি জাহাঙ্গীর আলমকে সরিয়ে নেয়া হয়েছে এবং তিনি শনিবার রাতেই দায়িত্ব হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, শাহ আলী থানাটি ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে অবস্থিত। হামলা ও ভাঙচুরের সময় পুলিশের উপস্থিতির অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ গতকাল সাংবাদিকদের বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সময়মতো পৌঁছেছিল কিনা এবং এতে পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।



