বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে বিএ অনার্স সম্পন্ন করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুর মুজিব রহমান। গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাচীন রীতি অনুযায়ী অনুষ্ঠানটির মূল পর্ব ল্যাটিন ভাষায় পরিচালিত হয়। সাইমুর তার অনার্সে ৬৭ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি প্রফেসর স্টিফেন টাকারের তত্ত্বাবধানে পরিচালিত বিএ প্রজেক্ট ও বিএ গ্রুপ প্রজেক্টের জন্য দুটি স্বতন্ত্র পুরস্কার অর্জন করেছেন। অনুষ্ঠানের শুরুতে প্রো-ভাইস চ্যান্সেলরের বক্তব্য ইংরেজিতে হলেও পরবর্তী আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান পর্বটি প্রাচীন একাডেমিক ঐতিহ্য অনুসারে ল্যাটিন ভাষায় পরিচালিত হয়।
শিক্ষাজীবনে সাইমুর লন্ডনের বিখ্যাত ‘লন্ডন একাডেমি অব এক্সসেলেন্স’ থেকে পদার্থবিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত এবং রসায়ন বিষয়ে ‘এ স্টার’ অর্জন করে এ লেভেল সম্পন্ন করেন। সে সময় ইপিকিউ-এর জন্য তার গবেষণার বিষয় ছিল, ‘টু হোয়াট এক্সটেন্ট ক্যান কোয়ান্টাম কম্পিউটিং এফেক্ট দ্য ওয়ার্ল্ড, ইকোনোমিক্যালি, এনভারমেন্টালি অ্যান্ড সোস্যালি’। এই গবেষণাতেও তিনি কৃতিত্বের সঙ্গে এ স্টার অর্জন করেছিলেন। বর্তমানে তিনি লন্ডনের অন্যতম শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান জেফরিজ ফাইন্যান্সিয়াল গ্রুপ ইনকর্পোরেটেডে পেশাগত জীবন শুরু করেছেন। অক্সফোর্ডে পড়ার সময় তিনি জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্টার্লিং টেক কোম্পানি এবং জেফরিজের ডেটা সায়েন্স ও ইনফরমেশন সিকিউরিটি বিভাগে ইন্টার্নশিপ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
সাইমুরের বাবা ড. এম. মুজিবুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক। তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে রসায়নে পিএইচডি করেছেন এবং বাথ ও নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনএসডিএ)-এর সদস্য (গ্রেড-২) হিসেবে কর্মরত। সাইমুরের মা সাবিনা ইয়াসমীন বখত রসায়নে স্নাতক সম্পন্ন করে যুক্তরাজ্যের একটি সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছেন। উল্লেখ্য, গত বছর সাইমুর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার সেই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি-এনএসডিএ)-এর সদস্য (গ্রেড-২) পদে নিয়োগ পেয়েছেন।



