ইয়েমেন যুদ্ধে সরাসরি সম্পৃক্ত পাকিস্তান, পাঠাল বিশাল অস্ত্রভাণ্ডার

, বিশ্ব

ইয়েমেন যুদ্ধে সরাসরি সম্পৃক্ত পাকিস্তান, পাঠাল বিশাল অস্ত্রভাণ্ডার

সশস্ত্র গোষ্ঠী হুতির অগ্রযাত্রা রোধ করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সহায়তায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বর মাসে চারটি কার্গো বিমানের মাধ্যমে পাকিস্তান ইয়েমেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। মূলত সৌদি আরবের সমর্থনে দেশটির বন্দরনগরী এডেনে এসব অস্ত্র পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ইয়েমেনের গৃহযুদ্ধে ইসলামাবাদের সংশ্লিষ্টতা নতুন মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তার বরাতে জানা যায়, এডেনে পাঠানো এসব চালানের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, ড্রোন প্রতিরোধী সরঞ্জাম এবং হালকা কামান অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ইয়েমেনে মোতায়েন করা ইয়েমেনি সেনাদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানের সামরিক উপদেষ্টারা সৌদি কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। পাকিস্তানের এই সক্রিয় অংশগ্রহণ এমন এক সময়ে শুরু হলো যখন সৌদি আরব হুতির বিরুদ্ধে বড় কোনো সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

পশ্চিমা ও আরব বিশ্বের একাধিক কর্মকর্তার ভাষ্যমতে, হুতিরা বর্তমানে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। তাদের এই শক্ত অবস্থান ভাঙতে সৌদি আরব উচ্চমাত্রার সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। লোহিত সাগর অঞ্চলে হুতির নিয়ন্ত্রণ ও সামরিক সক্ষমতা বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যার পরিপ্রেক্ষিতেই পাকিস্তানের পক্ষ থেকে এই সামরিক সহায়তা প্রদান করা হয়েছে।