জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন যে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তিনি বলেন, কোনো দেশকে নিশ্চিহ্ন করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকেই প্রথমে লক্ষ্যবস্তু করতে হয়, আর আওয়ামী লীগ ঠিক সেই কাজটিই করেছিল। তাদের শাসনামলে পরীক্ষার হলে সাদা খাতা জমা দিলেও জিপিএ ফাইভ বা গোল্ডেন ফাইভ পাওয়ার মতো হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার এই তামাশা ও খামখেয়ালীপনা বন্ধ হয়েছে। এখন আর পড়াশোনা না করে পরীক্ষায় পাস করার সুযোগ নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড বিবেচনায় বিএনপি সরকার এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছে। ওই সরকারের পিছনে যারা ছিল তারা চেয়েছিল বাংলাদেশকে শেষ করতে। আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে সেটাই করছিলো।
শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্কুলটির প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুন প্রমুখ। শুক্রবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
অনুষ্ঠানে হুইপ দুলু আরও বলেন, বিএনপি সরকার দেশে শান্তি বজায় রাখতে চায় এবং সন্ত্রাস বা অরাজকতায় বিশ্বাস করে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি মহল পাশের দেশে বসে বিভিন্ন উছিলায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে ফায়দা লোটার চেষ্টা করছে, যা নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দুলু আরও উল্লেখ করেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্ম ও মতাদর্শের মানুষ দীর্ঘকাল ধরে মিলেমিশে বসবাস করে আসছে। এখানে পারস্পরিক কোনো হিংসা-বিদ্বেষ নেই। সব ধর্মের মানুষ যেন তাদের নিজস্ব ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি নির্বিঘ্নে পালন করতে পারে, সে বিষয়ে সকলকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।



