চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অস্থিরতা ও শাটডাউনের মধ্যেই সোমবার সকাল পৌনে ৯টায় প্রশাসনিক ভবন-২ এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তালা ভাঙার পর তাকে একটি চেয়ারে বসানো হয় এবং এ সময় তাকে ঘিরে কয়েকজনকে মুঠোফোনে ছবি তুলতে দেখা যায়। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অপসারণ করে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ওই রাতেই তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন এবং ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন। এরপর ২৪ সেপ্টেম্বর অনলাইনে নতুন উপাচার্য যোগদান করলেও আন্দোলনের মুখে এত দিন তিনি ক্যাম্পাসে আসতে পারেননি।
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় স্বপদে বহালের দাবিতে গত ২০ দিন ধরে চুয়েটে আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে গত ১০ অক্টোবর অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হয়। একই দিন প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্টাফ অ্যাসোসিয়েশন আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেয়। এছাড়া রোববারও উপাচার্য ভবনের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের শাটডাউনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত এই আন্দোলনে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।



