দিল্লির যন্তর মন্তরে অবৈধ বিক্ষোভ: সিজেপির ৩ নেতা গ্রেপ্তার

, বিশ্ব

দিল্লির যন্তর মন্তরে অবৈধ বিক্ষোভ: সিজেপির ৩ নেতা গ্রেপ্তার

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ চালানোর অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি বাধা ও ব্যারিকেড ভেঙে এলাকাটিতে প্রবেশ, শান্তিশৃঙ্খলা ভঙ্গের শর্ত লঙ্ঘন এবং সরকারি কর্মচারীর দায়িত্বে ব্যাঘাত ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বুধবার সকালে আসামিদের আদালতে উপস্থাপন করা হয়। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে অবৈধ অনুপ্রবেশ, শান্তি বজায় রাখার শর্ত ভাঙা এবং সরকারি কর্মীর কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না জানিয়েছেন, এই ঘটনার পর তিন নেতাকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে আটক রাখা হয়। অনধিকার প্রবেশ ও বন্ডের শর্ত ভঙ্গের অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্স প্ল্যাটফর্মে জানান, আদালত আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তকে ভিন্নমত দমনের চেষ্টা বলে সমালোচনা করেন তিনি।

এর আগে গত সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে যন্তর মন্তরকে আর আনুষ্ঠানিকভাবে আন্দোলনের স্থান হিসেবে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে না। একই সঙ্গে সর্বসাধারণের জন্য বিকল্প তিনটি বিক্ষোভের জায়গা নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবার সকালে সিজেপি নেতারা যন্তর মন্তরে হাজির হন।

অভিযোগ রয়েছে, পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা ভেতরে প্রবেশ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। সেখান থেকেই পুলিশ সৌরভ, আশুতোষ এবং অজিঙ্ককে আটক করে নিয়ে যায়।