ভোটের ভিডিও ফুটেজ হারাল কমিশন, সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনা

, বিশ্ব

ভোটের ভিডিও ফুটেজ হারাল কমিশন, সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনা

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম ও ভোটচুরির অভিযোগ ঘিরে দেশজুড়ে চলছে বিক্ষোভ। এই অস্থির পরিস্থিতির মাঝেই কর্নাটকের শ্রীনগেরি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার ভিডিও ফুটেজ আদালতে জমা দিতে না পারায় কমিশনকে কড়া তিরস্কারের মুখোমুখি হতে হলো। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে শুরু থেকেই এই কেন্দ্রে তীব্র বিতর্ক ছিল। প্রাথমিকভাবে কংগ্রেস প্রার্থী টিডি রাজেগৌড়াকে জয়ী ঘোষণা করা হলেও পরে বিজেপি প্রার্থী ডিএন জীবারাজ আইনি চ্যালেঞ্জ জানান। এর প্রেক্ষিতে পুনর্গণনার নির্দেশ দেওয়া হয় এবং পোস্টাল ব্যালট গণনার পর বিজেপি প্রার্থী ২০১ ভোটের ব্যবধানে জয়ী হন। ভারতের সুপ্রিম কোর্ট কমিশনের উদ্দেশে বলে, ‘কীভাবে আপনারা বলতে পারেন যে, আমরা (ভিডিয়ো রেকর্ডিং) খোঁজার চেষ্টা করছি।

নির্বাচনী এই ফলাফলকে কেন্দ্র করে বিষয়টি শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে গড়ায়। মামলার শুনানিতে কংগ্রেস প্রার্থী পুরো গণনা ও পুনর্গণনা প্রক্রিয়ার ভিডিও ফুটেজ প্রদর্শনের আবেদন জানান। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জিব সচদেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ মন্তব্য করে যে, কমিশনের উচিত ছিল এসব নথি ও তথ্যপ্রমাণ প্রকাশ্যে আনা। আদালতের নির্দেশের বিপরীতে নির্বাচন কমিশনের আইনজীবী শেষাদ্রী নায়ডু জানান, সংশ্লিষ্ট গণনার ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না।

কমিশনের এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির শীর্ষ আদালত। বিচারপতিরা কমিশনের দায়বদ্ধতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বলেন, ভিডিও রেকর্ডিং খুঁজে পাওয়া যাচ্ছে না—এমন খোঁড়া অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কমিশনকে সতর্ক করে আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন সব তথ্যপ্রমাণ অবশ্যই জমা করতে হবে। নতুবা আদালত এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে। এই ধরণের অসংলগ্ন ব্যাখ্যা শোনার সময় তাদের হাতে নেই বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা।