মুন্সীগঞ্জ ডিসি অফিসে সোলার প্যানেল: মিলবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ

, বাংলাদেশ

মুন্সীগঞ্জ ডিসি অফিসে সোলার প্যানেল: মিলবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ

মুন্সীগঞ্জে জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপন প্রকল্প সম্পন্ন হয়েছে। রোববার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাহেব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে অফিসের ছাদে মোট ১২৮টি সোলার প্যানেল বসানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। কার্যালয়ের নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহারের সরকারি নির্দেশনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকার এখন সরকারি দপ্তরসহ সর্বত্র সৌরবিদ্যুৎ ব্যবহারের দিকে এগোচ্ছে।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সরকার বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

পর্যায়ক্রমে সরকারি সব দপ্তরকে সৌরবিদ্যুৎ ব্যবহারের আওতায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে সরকারের। তিনি সাধারণ মানুষকেও সোলার প্যানেল ব্যবহারে আগ্রহী হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন যে, ব্যক্তিগত পর্যায়ে কেউ সোলার প্যানেল বসাতে চাইলে জেলা প্রশাসন তাদের প্রয়োজনীয় স্থান বা জায়গা পাওয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা প্রদান করবে।