চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর সাগরিকা মোড়ে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, বৈচিত্র্যের মাঝে আমাদের সম্প্রীতিই বড় শক্তি। এই সম্প্রীতি অটুট রাখতেই প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে আসছেন বলে তিনি জানান। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা স্কয়ারে গিয়ে শেষ হয়।
সাঈদ আল নোমান জানান, গত ১২ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির ওপর যে আস্থা রেখে ভোট দিয়েছিলেন, তার প্রতি সম্মান জানাতেই প্রধানমন্ত্রী নিজে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন। ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন, যার আমন্ত্রণে ছিলেন প্রয়াত আবদুল্লাহ আল নোমান। এবার সেই ধারাবাহিকতায় তারই সন্তান হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর আমন্ত্রণে একই স্থানে আসছেন। তিনি অতীতের স্মৃতি উল্লেখ করে বলেন, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে এসেছিলেন।
সমাবেশে সংসদ সদস্য আরও বলেন, মানবতাই আমাদের পরিচয় এবং সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা ও সর্বাত্মক সহযোগিতা প্রদান বিএনপির অঙ্গীকার। তিনি সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূলের পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সাগরিকা মোড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়, যেখানে অংশগ্রহণকারীদের সাথে কাঁধে ঢাক বাজিয়ে আনন্দ ভাগ করে নেন সাঈদ আল নোমান। র্যালি শেষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের শুধু পাহারা দেওয়া নয়, বরং পূর্ণ সহযোগিতা করছে। সংসদ সদস্য হিসেবে তিন বেলা খাবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলালের সভাপতিত্বে ও জসিম উদ্দিন জিয়ার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, শফিকুর রহমান স্বপন, এসকে খোদা তোতন, আবুল হাশেম, মোশাররফ হোসেন ডিপ্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমালসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



