বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগে হাইকোর্টের রুল

, বাংলাদেশ

বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগে হাইকোর্টের রুল

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তিন বিচারককে দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেন।

আদালত জানতে চেয়েছেন, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি, ৯ মার্চ ও ১৬ সেপ্টেম্বর জারি করা স্মারকের মাধ্যমে ওই বিচারিক কর্মকর্তাদের একান্ত সচিব হিসেবে পদায়ন কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না। এছাড়া, বিচার বিভাগের কর্মকর্তাদের নির্বাহী বিভাগের কাজে নিয়োগ না দেওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। তিনজন বিচারিক কর্মকর্তাকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন বা নিয়োগসংক্রান্ত গত ২৫ ফেব্রুয়ারি, গত ৯ মার্চ ও ১৬ সেপ্টেম্বরের স্মারক কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।