কোপা ট্রফির বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচনের ভোটের তালিকায় নিজের নাম দেখে রীতিমতো চমকে গেছেন বেয়ার লেভারকুসেনের মিডফিল্ডার ইব্রাহিম মাজা। এবারের কোপা ট্রফিতে সাবেক ব্যালন ডি’অর বিজয়ীদের ভোট দেওয়ার সুযোগ ছিল। যেখানে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি নিজের পছন্দের তৃতীয় খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন আলজেরিয়ান এই তরুণকে। মজার বিষয় হলো, পুরো তালিকায় মেসির কাছ থেকে ভোট পাওয়া একমাত্র ফুটবলার হলেন মাজা।
মেসির এই পছন্দের কথা জানার পর জার্মান সংবাদমাধ্যম কিকারকে মাজা জানান, বিষয়টি নিয়ে অনেক গুঞ্জন শুরু হলেও তিনি তখন ম্যাচের প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ৪-২ গোলে হারের পর তিনি বলেন, ‘আমি শুরুতে বিষয়টি নিয়ে না ভেবে ম্যাচের দিকে মনোযোগ দিতে চেয়েছিলাম। পরে আমার ফোনে একের পর এক বার্তা আসতে থাকে। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এটা নিশ্চিত হওয়ার জন্য যে খবরটি সত্য নাকি গুজব। সত্যি বলতে, মেসির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়ার কোনো প্রত্যাশাই আমার ছিল না।’ তিনি আরও যোগ করেন, লিওনেল মেসির মতো একজন ফুটবলারের পছন্দের তালিকায় নিজের জায়গা করে নেওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান।
মাজা ও মেসি এর আগে বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। গ্রুপ পর্বের সেই ম্যাচে আর্জেন্টিনা ও আলজেরিয়া মুখোমুখি লড়েছিল, যেখানে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে মাজা ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন, আর মেসি মাঠ ছাড়েন ৮০ মিনিটে। সেই টুর্নামেন্টে জর্ডানকে হারিয়ে ও অস্ট্রিয়ার সাথে ড্র করে আলজেরিয়া শেষ ৩২-এ জায়গা করে নিলেও পরবর্তীতে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। মাজা সেই টুর্নামেন্টের চার ম্যাচেই শুরুর একাদশে ছিলেন।
ক্লাব ফুটবলেও দারুণ ছন্দে রয়েছেন মাজা। কোচ কার্লেস মার্তিনেজের অধীনে লেভারকুসেনের মূল একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলে তিনবার গোল পেয়েছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। উল্লেখ্য, ২০২৫ সালের গ্রীষ্মে লেভারকুসেনের সাথে ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করেছেন এই উদীয়মান ফুটবলার।



