চলমান শ্রমিক আন্দোলনকে প্রকৃত শ্রমিকদের কর্মসূচি নয় বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের আন্দোলনের অজুহাতে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে এবং এই প্রক্রিয়ায় পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পুরো বিষয়টিকে মোকাবিলা করেছে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপ্রয়োজনীয় বা প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। দেশের শিল্প উৎপাদন ও শ্রমিকদের কর্মসংস্থান যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেটি বিবেচনায় রেখে সবাইকে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানান তিনি।
শ্রমিকদের বেতনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যৌক্তিক মজুরি নির্ধারণের লক্ষ্যে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে। আইন অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি ঘোষণার জন্য বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড কাজ শুরু করায় বর্তমানে আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি দ্রুততম সময়ে সুপারিশ আসার আশা প্রকাশ করেন।



