সিরাজগঞ্জ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদস্যরা সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন। আত্মসমর্পণকারী চরমপন্থী ও সর্বহারা দলের সদস্যদের দেওয়া সুনির্দিষ্ট তথ্য এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি রয়েছে।
অভিযানটি মূলত সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আটঘরিয়া এলাকায় চালানো হয়েছে। উল্লেখ্য, গত রোববার এসআরবি-১২-এর সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী ও সর্বহারা দলের সদস্য অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই এই বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার করা সম্ভব হয়েছে।



