ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ওপর ভিসা বিধিনিষেধের পরিধি বাড়াল মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সাথে করা পূর্বের প্রতিশ্রুতি রক্ষায় এই সংস্থাগুলো ব্যর্থ হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ২০০২ সালের ‘মধ্যপ্রাচ্য শান্তি প্রতিশ্রুতি আইন’-এর আওতায় এই কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, পিএ এবং পিএলও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। এছাড়াও আলোচনার বাইরে গিয়ে সরাসরি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা চালানো এবং ফিলিস্তিনি বন্দি ও তাদের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা প্রদান অব্যাহত রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। একইসাথে পিএ এবং পিএলও ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের গৌরবগাথা প্রচার করছে’ বলেও মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে।
নতুন এই বিধিনিষেধের আওতায় কারা পড়বেন বা কতজন কর্মকর্তা এতে প্রভাবিত হবেন, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতিসংঘের পিএলও পর্যবেক্ষক মিশনে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে বিদ্যমান ছাড় বা ওয়েভার নীতি আগের মতোই কার্যকর থাকবে। অর্থাৎ এই মিশনের কর্মীদের ওপর নতুন এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না।



