আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের ডাক কাতারের প্রধানমন্ত্রীর

, বিশ্ব

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের ডাক কাতারের প্রধানমন্ত্রীর

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমন্বয়ে একটি শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে কাতার ইকোনমিক ফোরামে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ের সংঘাত ও যুদ্ধকে পুরো অঞ্চলের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে তিনি একে নতুন করে নিরাপত্তা কৌশল সাজানোর সুযোগ হিসেবে দেখছেন।

শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি বলেন, বিদ্যমান আঞ্চলিক সংকট নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রচলিত ধারণাগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা সামনে এনেছে। তার মতে, ইরান আমাদের প্রতিবেশী রাষ্ট্র। উপসাগরীয় দেশগুলো ও ইরানকে নিয়ে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এ অঞ্চল আর আগের মতো চলতে পারে না। এমন একটি কাঠামো গড়ে তোলা জরুরি যেখানে প্রতিটি দেশ একে অপরের জন্য হুমকি না হয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, একটি অঞ্চল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সুসম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কাতারের প্রধানমন্ত্রী আরও জানান যে, এই ধরনের নিরাপত্তাব্যবস্থা তৈরির লক্ষ্যে কাতার তার আঞ্চলিক অংশীদারদের নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। বর্তমান সংঘাত আঞ্চলিক সহযোগিতার পরিধি বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং আমাদের অংশীদাররাও এই প্রক্রিয়ায় বিশ্বাসী। বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি বিদ্যমান, তা থেকে শিক্ষা নিয়ে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় বলে তিনি উল্লেখ করেন।

পরিশেষে শেখ মোহাম্মদ বলেন, উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমঝোতার পথ সুগম করতে কাতার তার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে কাতার সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে। তিনি বিশ্বাস করেন, সঠিক যোগাযোগের মাধ্যমগুলো খোলা রাখার মাধ্যমেই দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।