নেত্রকোনায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

, বাংলাদেশ

নেত্রকোনায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

নেত্রকোনার মদনে নিয়মবহির্ভূতভাবে রোগাক্রান্ত গরু জবাই ও প্রাণিসম্পদ দপ্তরের পরীক্ষা ছাড়া মাংস বিক্রির দায়ে পারভেজ মিয়া নামের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মদন পৌর শহরের ঐতিহ্যবাহী দেওয়ান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই দণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম, পুলিশের এএসআই জাকির হোসেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সাপ্তাহিক হাটবারগুলোতে পারভেজ মিয়া, মঞ্জিল কসাইসহ একটি অসাধু চক্র নিয়মিতভাবে অসুস্থ গরুর মাংস সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল। বুধবার রাতেও একটি রোগাক্রান্ত গাভী জবাইয়ের প্রস্তুতিকালে স্থানীয়দের বাধার মুখে পড়েন পারভেজ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউএনও নাদির হোসেন শামীম জানান, খবর পেয়েই তিনি বাজারে ছুটে যান। সেখানে তিনি একটি অসুস্থ গরু এবং প্রাণিসম্পদ দপ্তরের পরীক্ষা ছাড়াই বিক্রির অপেক্ষায় থাকা মাংসের মজুত দেখতে পান। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কসাই পারভেজ মিয়াকে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম বিষয়টির গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থতার সনদ ও দাপ্তরিক অনুমতি ছাড়া কোনো প্রাণীই জবাই করার নিয়ম নেই। তবে অনেক ক্ষেত্রেই এই নিয়ম অমান্য করে নিয়মিত অহরহ গরু-ছাগল জবাই ও বাজারে মাংস বিক্রির ঘটনা ঘটছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম মেনে প্রাণী জবাইয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।