গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিহ্নিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। তাঁর ভাষ্যমতে, গাজা চুক্তির অধীনে ইসরায়েল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটিই সঠিকভাবে পালন করা হচ্ছে না। বরং নেতানিয়াহু এবং তাঁর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকারের দলীয় রাজনৈতিক স্বার্থই বর্তমানে প্রাধান্য পাচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, গাজা চুক্তি লঙ্ঘনের বেশ কিছু ঘটনা ইতিমধ্যে ঘটেছে এবং এই পরিস্থিতির মূল কারণ নেতানিয়াহুর অনড় অবস্থান। এর আগেও শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি অভিযোগ করেছিলেন যে, ইসরায়েল চুক্তির শর্তাবলী মানছে না। তাঁর দাবি, এক দিকে শান্তি আলোচনার কথা বলা হলেও অন্য দিকে গাজায় অব্যাহত প্রাণহানি ঘটছে এবং অবরুদ্ধ উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে।
তবে এত সব বাধা ও অভিযোগের মধ্যেও মধ্যস্থতাকারী হিসেবে কাতার তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষকে চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করা এবং শান্তি প্রক্রিয়াটি সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গাজা যুদ্ধ ও এ সংক্রান্ত চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতারের এই কঠোর বক্তব্য চলমান শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলের সদিচ্ছা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে সংশয় তৈরি করেছে।



