দিল্লিতে গ্রেপ্তার ‘ড্রাগ কুইন’ পার্বতী, উদ্ধার কোটি টাকার মাদক

, বিশ্ব

দিল্লিতে গ্রেপ্তার ‘ড্রাগ কুইন’ পার্বতী, উদ্ধার কোটি টাকার মাদক

ভারতের রাজধানী দিল্লির বাওয়ানার নিউ সানোথ কলোনিতে অভিযান চালিয়ে ৪২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্থানীয়ভাবে ‘ড্রাগ কুইন’ হিসেবে পরিচিত পার্বতীর বিরুদ্ধে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন এবং আবগারি আইনে আগে থেকেই ১২টি মামলা রয়েছে। নরেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানার নথিতে তার নাম ‘ব্যাড ক্যারেক্টার হিস্ট্রি শিট’-এ অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশের দাবি, পার্বতী দীর্ঘদিন ধরে দিল্লি থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত একটি আন্তঃরাজ্য মাদক চক্র পরিচালনা করে আসছিলেন।

গত ২৩ সেপ্টেম্বর দিল্লির আউটার নর্থ জেলার অ্যান্টি-নারকোটিকস স্কোয়াড গোপন সংবাদের ভিত্তিতে নিউ সানোথ কলোনির একটি বাড়ির দ্বিতীয় তলায় তল্লাশি চালায়। সেখান থেকেই পার্বতী ও তার সহযোগী হিসেবে পরিচিত ৩০ বছর বয়সী বিকাশ কুমার ওরফে শানুকে গ্রেপ্তার করা হয়। বিকাশ মূলত পার্বতীর দেহরক্ষী হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চক্রের মোট তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশের অভিযানের সময় পার্বতীর আস্তানা থেকে ১ কোটি ৫০ লাখ রুপির বেশি মূল্যের মাদক উদ্ধার হয়েছে। এর মধ্যে ১.২০৪ কেজি হেরোইন ছাড়াও ৬৪.৬২ লাখ রুপি নগদ টাকা, ৩৫৫ গ্রাম সোনা, ১৬১ গ্রাম রুপা এবং দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত নগদ অর্থের পরিমাণ ৫৬.৬৯ লাখ রুপি এবং এর সঙ্গে চারটি সম্পত্তির রেজিস্ট্রেশন নথিও পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, মাদক ব্যবসার অবৈধ আয় থেকেই এসব সম্পদ ও গাড়ি অর্জন করেছেন তিনি এবং গোপনে একটি বাড়িও নির্মাণ করছিলেন। পুলিশের অভিযোগ, মাদক ব্যবসা থেকে পাওয়া অর্থ দিয়েই এসব নগদ অর্থ, গয়না ও সম্পত্তি কেনা হয়েছে। তার মালিকানাধীন একটি টাটা হ্যারিয়ার গাড়িও জব্দ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পার্বতী মূলত বাওয়ানার জেজে কলোনির বাসিন্দা হলেও নিউ সানোথ কলোনির ভাড়া বাসায় থাকতেন। তার সঙ্গী বিকাশ উত্তর দিল্লির বুরারির বাসিন্দা। বর্তমানে পুলিশ এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। মাদক কারবারের অর্থে গড়ে তোলা এই বিশাল সাম্রাজ্যের প্রতিটি নথিপত্র এখন পুলিশের তদন্তের আওতায় রয়েছে।