ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে দেশটির বিরোধী দলগুলো নতুন উদ্যোগ নিয়েছে। গত মঙ্গলবার তারা তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এই কমিটির মূল লক্ষ্য হলো সরকারবিরোধী প্রচেষ্টাকে সমন্বিত করা এবং আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের পর আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠন করা। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে গঠিত এই পাঁচদলীয় বিরোধী জোটের যৌথ উদ্যোগে আরব দলগুলোকে রাখা হয়নি।
নির্বাচন সামনে রেখে বিরোধী নেতা ইয়াইর লাপিদ, গাদি আইজেনকোট, নাফতালি বেনেত, আভিগদর লাইবারম্যান এবং ইয়াইর গোলান গত শনিবার একটি জোট গঠনে সম্মত হন। পাঁচ দলের এই নতুন জোটে কোনো আরব দল রাখা হয়নি। আসন্ন এই নির্বাচন নেতানিয়াহুর সরকার ও বিরোধী দল—উভয় পক্ষের জন্যই রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।



