বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রিটিশ লেখক ও রাজনীতিবিদ জেফরি আর্চার ৮৬ বছর বয়সে পরলোকগমন করেছেন। তার লেখা বইয়ের প্রায় ৩০০ মিলিয়ন কপি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে। প্রকাশক হার্পারকলিন্স জানিয়েছে, সোমবার কাজ করার সময় হঠাৎ করেই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন তিনি। ১৯৪০ সালের ১৫ই এপ্রিল লন্ডনে জন্ম নেওয়া এই লেখকের সর্বশেষ বই ‘অ্যাডাম এন্ড ইভ’ আগামী সপ্তাহে বাজারে আসার কথা ছিল। মৃত্যুর কিছুদিন আগেই গেইলস ব্রান্ডরেথকে দেওয়া এক পডকাষ্টে তিনি জানিয়েছিলেন, এই বইটিই হবে তার শেষ রচনা। ‘কেইন অ্যান্ড অ্যাবেল’ ও ‘ক্লিফটন ক্রনিকলস’-এর মতো কালজয়ী উপন্যাসের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। বিশ্বব্যাপী তার লেখা বিভিন্ন বই প্রায় ৩০০ মিলিয়ন (৩০ কোটি) কপি বিক্রি হয়েছে।
লেখালিখির পাশাপাশি আর্চার দীর্ঘকাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে লিঙ্কনশায়ারের লাউথ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে পার্লামেন্টে প্রবেশ করেন। তিনি কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে ২০০১ সালে একটি মানহানি মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তার চার বছরের কারাদণ্ড হলে রাজনৈতিক ক্যারিয়ারে ছন্দপতন ঘটে। ২০০৩ সালে কারাগার থেকে বেরিয়ে তিনি হাউস অব লর্ডসে ফিরে আসেন এবং দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন।
মৃত্যুর আগের দিন রোববারও লন্ডনের লিসেস্টার স্কয়ার থিয়েটারে ভক্তদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা ও অটোগ্রাফ দিয়ে সময় কাটিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী মেরি আর্চারের সঙ্গে ৬০তম বিবাহবার্ষিকী পালন করেছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন। জেফরি আর্চারের প্রয়াণে কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি ব্যাডেনকসহ বৃটেনের রাজনৈতিক ও সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।



