আসামে বাংলাদেশি পরিচয়ে ১৭ জন গ্রেপ্তার

, বিশ্ব

আসামে বাংলাদেশি পরিচয়ে ১৭ জন গ্রেপ্তার

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগে পৃথক অভিযানে গত দুই দিনে ১৭ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গুয়াহাটির পুলিশের ডেপুটি কমিশনার (অপারেশনস) কুলেন্দ্র নাথ ডেকা গণমাধ্যমকে জানিয়েছেন, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখন ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম আসাম) অ্যাক্টের আওতায় তাদের আসাম থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, গত মঙ্গলবার পল্টন বাজার রেলস্টেশনের কাছে লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সাধারণ কামরায় নিয়মিত তল্লাশি চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তারা মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছান এবং শহরের একটি হোটেলে অবস্থান করছিলেন। জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ যাচাই করে পানবাজার থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের আশ্রয় প্রদান ও আসাম থেকে ভারতের বিভিন্ন এলাকায় যেতে সহায়তা করার অভিযোগে আরও চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে, বুধবার অপর একটি অভিযানে আরও ১৩ জন ‘বাংলাদেশি নাগরিককে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গুয়াহাটির একটি হোটেলে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১০ থেকে ১৫ বছর ধরে শ্রীনগরে বসবাস করছিলেন। সম্প্রতি তারা গুয়াহাটিতে ফিরে আসেন এবং আসাম থেকে বাংলাদেশে ফেরার জন্য সহায়তা পাওয়ার লক্ষ্যে একটি চক্রের খোঁজ করছিলেন। সকল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেই বর্তমানে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে তার দেখানো তথ্য অনুযায়ী পুলিশ সেখানে অভিযান চালায়।