চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে পর্যটনের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশটিতে ২৬ লাখ ১৪ হাজার দর্শনার্থী ভ্রমণ করেছেন। কাতার ট্যুরিজমের পক্ষ থেকে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ২ লাখ ৭৬ হাজার মানুষ কাতার সফর করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। গত বছর সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।
পর্যটকদের আগমনী তথ্যে দেখা গেছে, কাতারে সবচেয়ে বেশি দর্শনার্থী এসেছেন জিসিসি বা উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলো থেকে। এ অঞ্চল থেকে আসা ১০ লাখ ৬৯ হাজার দর্শনার্থী মোট পর্যটকের ৪০ দশমিক ৯ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়া ও ওশেনিয়া অঞ্চল। সেখান থেকে এসেছেন ৫ লাখ ৪৮ হাজার মানুষ, যা মোট দর্শনার্থীর ২১ শতাংশ।
তালিকায় এরপর রয়েছে ইউরোপ। মহাদেশটি থেকে ৫ লাখ ৩৮ হাজার দর্শনার্থী কাতারে এসেছেন, যা মোট পর্যটকের ২০ দশমিক ৬ শতাংশ। এছাড়া আমেরিকা অঞ্চল থেকে ১ লাখ ৯০ হাজার (৭ দশমিক ৩ শতাংশ), অন্যান্য আরব দেশগুলো থেকে ১ লাখ ৮৪ হাজার (৭ শতাংশ) এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রায় ৮৪ হাজার (৩ দশমিক ২ শতাংশ) দর্শনার্থী দেশটিতে সফর করেছেন। বছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে কাতারের পর্যটন খাতে বিভিন্ন অঞ্চলের মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে।



