প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

, বাংলাদেশ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি আগামী দুই মাসের মধ্যে দেশব্যাপী অন্তত এক হাজার নতুন খেলার মাঠ স্থাপনের কঠোর নির্দেশনা প্রদান করেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় খেলার মাঠের সংকট দূর করতে প্রতিটি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে মাঠ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যেই ঢাকা উত্তর সিটিতে ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৯০টি মাঠ প্রস্তুত করে নিয়মিত ক্রীড়া কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মাঠগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার ওপর তিনি জোরারোপ করেন।

সারাদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ তৈরির বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭টি জেলায় মাঠের জন্য ৪০৩টি খাসজমি শনাক্ত করা হয়েছে। প্রতিটি মাঠের আয়তন তিন থেকে আট বিঘা রাখার পরিকল্পনা করা হয়েছে এবং মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ডিসিপ্লিনে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ৫ নভেম্বর খুলনা থেকে করবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দখল হয়ে যাওয়া মাঠ উদ্ধার এবং বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলোকে সচল ও ব্যবহারের উপযোগী করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও স্পোর্টস ক্লাব কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

উল্লেখ্য যে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুর ইসলাম খান, ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।