বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে ৪৮টি পদের বিপরীতে নেওয়া লিখিত পরীক্ষার ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে। ১৭ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। বিআইডব্লিউটিসির ফার্মাসিস্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সহকারী ভান্ডার রক্ষকসহ বিভিন্ন পদের বিপরীতে প্রায় ১৭ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৫ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে ফলাফলও প্রকাশ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি জারি করা একটি নোটিশে সংস্থাটি জানায়, আগের প্রকাশিত ফলাফল ‘অনিবার্য কারণবশত’ বাতিল করা হলো এবং প্রার্থীদের পুনরায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে পুনরায় পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, যা পরবর্তী সময়ে বিআইডব্লিউটিসির ওয়েবসাইটে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
ফলাফল বাতিলের এই আকস্মিক সিদ্ধান্তের বিষয়ে বিআইডব্লিউটিসির চিফ পার্সোনেল ম্যানেজার ও পরীক্ষা কমিটির সদস্যসচিব ফজলে রাব্বি জানান, মন্ত্রণালয়ের নির্দেশে তারা এই পরীক্ষা বাতিল করেছেন। সুনির্দিষ্ট কোনো অনিয়মের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
একই সাথে পরীক্ষা বাতিলের নেপথ্যের কারণ বা সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় চাকরিপ্রার্থীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। বারবার পরীক্ষা বাতিল ও নতুন নোটিশের কারণে হাজারো তরুণ শিক্ষার্থী তীব্র মানসিক ও আর্থিক চাপের মুখে পড়ছেন। এর আগে যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষার অনিয়মের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার রেশ না কাটতেই সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার এমন পরিস্থিতি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।



