কাতারের মন্ত্রিসভা ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত সাধারণ খসড়া বাজেট আইন নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। সংবিধান অনুযায়ী চূড়ান্ত পর্যালোচনা ও অনুমোদনের লক্ষ্যে প্রস্তাবটি শূরা কাউন্সিলে পাঠানো হচ্ছে। গত বুধবার (২১ অক্টোবর) আমিরি দেওয়ানে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যৌথভাবে এ সভার সভাপতিত্ব করেন দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি।
বৈঠক শেষে সভার সিদ্ধান্তসমূহ সংবাদমাধ্যমকে সংক্ষেপে জানান বিচারমন্ত্রী ও মন্ত্রিসভা বিষয়ক প্রতিমন্ত্রী ইব্রাহিম বিন আলি আল মোহান্নাদি। আলোচনার শুরুতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সম্প্রতি সম্পন্ন হওয়া কাতার সফর এবং আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার ইতিবাচক ফলাফলকে স্বাগত জানানো হয়। এর মাধ্যমে উভয় দেশের ঐতিহাসিক বন্ধুত্বের পাশাপাশি অর্থনৈতিক, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে আন্তর্জাতিক ও কূটনৈতিক নানা বিষয় মূল্যায়নের সময় কাতার-সিঙ্গাপুর যৌথ কমিটির (HLJC) ৯ম বৈঠকের সাফল্য তুলে ধরা হয়, যা দুই দেশের সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করতে ভূমিকা রাখছে। এছাড়া ১৫ অক্টোবর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় সহযোগিতা ও আস্থার ব্যবস্থাপনাবিষয়ক সম্মেলনের (CICA) ৭ম শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের উপস্থিতি এবং আজারবাইজান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের ইতিবাচক দিকগুলো গুরুত্ব পায়।
অন্যান্য গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের মধ্যে ২০২৬ সালের ১১ নম্বর আইন তথা ‘মালিক সমিতি আইন’ বাস্তবায়নে খসড়া বিধিমালার অনুমোদন প্রদান করা হয়। যৌথ মালিকানাধীন আবাসন বা প্রোপার্টি ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির (RERA) সঙ্গে সমন্বয় রেখে এই নির্দেশনা তৈরি করা হয়েছে।
বৈঠকে তিনটি আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন লাভ করে আন্তর্জাতিক সমঝোতা স্মারক: ১।
- বেলজিয়ামের ফেডারেল পুলিশের সাথে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহযোগিতাসংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারক।
- কাতার ও সৌদি আরবের মধ্যে জ্বালানি খাতে যৌথ সহযোগিতাসংক্রান্ত খসড়া সমঝোতা স্মারক।
- কাতারের দোহা পৌরসভা এবং মিসরের কায়রো গভর্নরেটের মধ্যে সিস্টার-সিটি বা সিস্টারশিপ (Twinning) চুক্তি।
সভার শেষভাগে জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন, ওমান ক্লাইমেট উইকে কাতারের পরিবেশমন্ত্রীর অংশগ্রহণের বিবরণী এবং আবু ধাবিতে অনুষ্ঠিত অপরাধ প্রতিরোধ ও অপরাধ বিচারবিষয়ক ১৫তম জাতিসংঘ কংগ্রেসে বিচারমন্ত্রীর উপস্থাপিত প্রতিবেদন পর্যালোচনা করা হয়।



