পোশাকশিল্পে চলমান অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
জামায়াত আমির উল্লেখ করেন, শিল্প এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, কোনো মালিক বা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার আদায় করতে পারবেন না এবং সাধারণ শ্রমিকরা এমন ধ্বংসাত্মক কাজে জড়িত নন বলে তিনি বিশ্বাস করেন।
ডা. শফিকুর রহমানের আশঙ্কা, কিছু অসাধু চক্র ও ষড়যন্ত্রকারী পরিস্থিতি উসকে দিয়ে পুরো পোশাক খাতকে ধ্বংস করার পাঁয়তারা করছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।



