অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

, শিক্ষা

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। এর আগে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনের ফলে ওই এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, মধ্যরাতে কলেজের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে হামলায় জড়িত পুলিশ সদস্য ও দায়িত্বরত কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের হামলার অভিযোগের তদন্ত ও বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া যাবে, ততক্ষণ তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এমনকি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে অধ্যক্ষের পদত্যাগের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজটির সব ধরনের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

উত্তেজনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্তৃপক্ষ অনুষ্ঠানটি রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছিলেন। তবে বিভিন্ন কারণে অনুষ্ঠান শেষ করতে ভোর ৫টা বেজে যায়। নির্ধারিত সময়ের বেশি সময় অডিটোরিয়াম ব্যবহারের অপরাধে অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ মেহেরুন্নেছা। পরবর্তীতে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছ থেকে অডিটোরিয়ামের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এই জরিমানাকে কেন্দ্র করেই মূলত সংঘাতের সূচনা হয়।