আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকার আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এডিবির যৌথ আয়োজনে আয়োজিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী জানান, বর্তমানে আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আশা করা হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই তাদের কাজ সম্পন্ন হবে। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, সব কিছু যথাসময়েই শুরু হবে। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে।
আইএমএফের শর্তের কারণে সরকার পিছিয়ে গেছে—এমন ধারণা নাকচ করে অর্থমন্ত্রী বলেন, আগের সরকার বা ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম ছিল, সেখানে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত ছিল যা বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, যেকোনো সিদ্ধান্ত হুট করে নিলে তা জনগণ, অর্থনীতি এবং ব্যবসায়ীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই এসব পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সময়ের প্রয়োজন রয়েছে। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটার জন্য জনগণকে ভুগতে হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।’।
বিশ্ব পরিস্থিতির বড় ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, নতুন অর্থনৈতিক কাঠামো প্রণয়নে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাংলাদেশের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সাথে সমন্বয় করছে। আইএমএফও একইভাবে বাংলাদেশের পরিকল্পনার সাথে নিজেদের সমন্বয় করছে বলে তিনি জানান। আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।



