রিপোর্ট রুবেল তালুকদার টাইম নিউজ সেভেন
রায়গঞ্জ উপজেলা-এর ব্যস্ত ঢাকা-বগুড়া মহাসড়ক-এর চান্দাইকোনা এলাকায় জমজম হোটেলের সামনে নির্মিত ওভারব্রিজের আইল্যান্ডকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে রাতের অন্ধকারে পর্যাপ্ত আলোর অভাবে এ স্থানটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওভারব্রিজ নির্মাণের পর আইল্যান্ডটি সঠিকভাবে দৃশ্যমান করার জন্য পর্যাপ্ত আলোকসজ্জা ও সতর্কতামূলক চিহ্ন স্থাপন করা হয়নি। ফলে দ্রুতগতির যানবাহন চালকরা দূর থেকে আইল্যান্ডটি বুঝতে না পেরে হঠাৎ করেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানান, দিনের বেলাতেও এখানে দুর্ঘটনার আশঙ্কা থাকে, তবে রাতের বেলায় ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। প্রায়ই মোটরসাইকেল, অটোরিকশা ও দূরপাল্লার বাস দুর্ঘটনার কবলে পড়ছে। এতে আহতের পাশাপাশি ঘটছে প্রাণহানির ঘটনাও।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা অভিযোগ করে বলেন, “আইল্যান্ডের চারপাশে কোনো পর্যাপ্ত লাইট নেই। রাতে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। ফলে চালকরা সময়মতো বুঝতে পারেন না সামনে কী আছে।”
সচেতন মহল মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে ওই স্থানটিকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন, প্রতিফলক চিহ্ন (রিফ্লেক্টর) বসানো এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, জননিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। অন্যথায় প্রতিনিয়ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারে।