সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৪ জেলে কারাগারে

, বাংলাদেশ

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৪ জেলে কারাগারে

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। বন বিভাগের একটি বিশেষ টিম এ অভিযানে নেতৃত্ব দেয়।

আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বাসিন্দা মোস্তফা গাজী (৬৪), মাহফুজুর রহমান (৪০), আল-আমিন গাজী (৪০) এবং ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)। অভিযানের সময় তাদের ব্যবহৃত একটি ডিঙি নৌকা এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, পাঁচটি পানির ড্রাম, একটি হুইল, দুটি বৈঠা, তিনটি দা ও একটি কাটা ড্রাম।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন জানান, আটককৃতদের কাছ থেকে প্রায় ৩০ কেজি চিংড়ি ও ১৩৭ কেজি সাদা মাছ উদ্ধার করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের মৎস্যসম্পদ ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার দুপুরে আটক চার জেলেকে সাতক্ষীরা বন আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিকেল ৫টা ৪৭ মিনিটে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।