রিপোর্ট রুবেল তালুকদার টাইম নিউজ সেভেন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাঈম হোসেন রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি সম্প্রতি অতিরিক্ত আয়ের আশায় একটি অটোরিকশা কিনে চালানো শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা খৈচালা বিল এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন তার স্বজনরা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পরপরই ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রাম থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশা নিজের হেফাজতে রাখার অভিযোগে শামীম নামে একজনকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় নাঈমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা তার দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা খাতুন বাদী হয়ে রায়গঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত জোরদার করা হয়েছে।