পরিবহন খাতে গ্যাস সংকটের কারণে প্রতিদিন প্রায় ১২৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে এবং অপচয় হচ্ছে ৯ কোটি কর্মঘণ্টা। এই সংকট নিরসনে সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে খোলা ক্যাসকেড সিলিন্ডারে গ্যাস বিক্রি বন্ধ এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে ‘২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ’। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক বেলাল আহমেদ। তিনি জানান, ২০০২ সালে দেশে পরিবেশবান্ধব সিএনজিচালিত যানবাহনের যাত্রা শুরু হওয়ার পর বর্তমানে প্রায় ৫০ লাখ গাড়ি সড়কে চলাচল করছে। তবে সাম্প্রতিক সময়ে মহেশখালী এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে। সিএনজি স্টেশনগুলোতে নিয়ম অনুযায়ী ন্যূনতম ১৫ পিএসআই চাপ থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৪-৫ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে, যা পরিবহন খাতের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি পেশ করা হয়েছে। প্রথমত, দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রেখে যানবাহনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, পাম্প থেকে অবৈধভাবে সিলিন্ডারে ও কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।
তৃতীয়ত, সিএনজি স্টেশনগুলোর জন্য বরাদ্দকৃত ৪.৫০ শতাংশ গ্যাস যেন অন্য কোনো খাতে ব্যবহার করা না যায়, সেজন্য পৃথক লাইন স্থাপন করতে হবে। চতুর্থত, কেবল বৈধ সিএনজিচালিত যানবাহনেই গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
পঞ্চম দাবিতে বলা হয়েছে, ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে গ্যাস প্রদান, ভিআইপি সুবিধা বাতিল, কৃত্রিম সংকট ও মিটার কারসাজি রোধ করতে হবে। এছাড়া ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবিও জানানো হয়েছে।
দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। আগামী ১৬ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ২৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত করা হবে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. গোলাম ফারুকসহ সিএনজিচালিত পরিবহন খাতের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত এই সংকট সমাধানে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্র: যুগান্তর



