বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাচ্ছে কাতার চ্যারিটি

, বাংলাদেশ

বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাচ্ছে কাতার চ্যারিটি

চলমান ‘উইন্টার হিরোস’ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশে খাদ্য ও শীতবস্ত্রবাহী ৭০টি মানবিক ত্রাণ বহর পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার চ্যারিটি। তীব্র শীতে মানবেতর জীবনযাপনকারী বাস্তুচ্যুত মানুষ, শরণার্থী এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। দীর্ঘমেয়াদি সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও মৌসুমি দুর্ভোগের শিকার শরণার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস থাকায় এই দেশগুলোকে বেছে নেওয়া হয়েছে।

ত্রাণ বহরগুলোতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি কম্বল, শীতকালীন পোশাকের কিট এবং জ্বালানি ভাউচার অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি ত্রাণ বহরের পেছনে ১ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ব্যয় নির্ধারণ করা হয়েছে, যার সুফল পাবেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, লেবানন, সোমালিয়া, সুদান, কেনিয়া এবং জিবুতির সংকটাপন্ন জনগোষ্ঠীকে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সহায়তা প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু সুযোগ রেখেছে সংস্থাটি।

কাতার চ্যারিটির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে অনুদান দেওয়া সম্ভব। এছাড়া ৪৪২৯ ০০০০ নম্বরে কল করে বা অ্যাপের মাধ্যমে অনুদান সংগ্রহকারী বা কালেক্টরকে নিজের কাছে ডাকার অনুরোধ জানানো যাবে। এছাড়া কাতার চ্যারিটির বিভিন্ন শাখা এবং শপিং মলগুলোতে থাকা সংগ্রহ কেন্দ্রগুলোতে সরাসরি অনুদান জমা দেওয়া যাবে। দাতারা চাইলে একটি পূর্ণ বহরের ব্যয় বহন করতে পারেন অথবা সর্বনিম্ন ৫০ কাতারি রিয়াল থেকে শুরু করে যেকোনো পরিমাণ অনুদান দিতে পারেন। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দানশীল ব্যক্তিরা চাইলে খুব সহজেই এই উদ্যোগে অংশ নিতে পারবেন।

মানবিক সহায়তায় কাতার চ্যারিটির অতীত কর্মকাণ্ড বেশ সমৃদ্ধ। ২০২১ সালে সংস্থাটি তুরস্ক-সিরিয়া সীমান্ত দিয়ে ২০০টি ট্রাকের ত্রাণ বহর পাঠিয়েছিল, যা ১ লাখ ২০ হাজার মানুষের জরুরি চাহিদা পূরণ করে। এছাড়া ২০২৩ সালের ‘ওয়ার্ম হার্টস’ ক্যাম্পেইনের অধীনে লেবাননের বেকা, আক্কার ও আরসাল অঞ্চলে ১ হাজার ২০০ খাদ্য ঝুড়ি, ১ হাজার ৯০০টি শীতকালীন কিট, ৩০০ প্যাকেট হিটিং সামগ্রী এবং ২২৫টি তাঁবুর ত্রিপল বিতরণ করা হয়।

শুধু শীতকালীন ত্রাণ নয়, জরুরি প্রয়োজনে সংস্থাটি স্থল ও আকাশপথ ব্যবহার করে থাকে। এর আগে ২০২৬ সালের অক্টোবরে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, হামাদ মেডিকেল করপোরেশন এবং অ্যাসপেটারের অংশীদারিত্বে সুদানে ৫০টি ট্রাকের একটি মেডিকেল বহর পাঠানো হয়, যাতে ছিল জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী। এছাড়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মিসর ও জর্ডানের পথ ব্যবহার করে গাজা উপত্যকায় কাতার চ্যারিটি ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।