দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক কলহের জেরে বড় ভাই ও ভাতিজার হামলায় রদশা দাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার জালিয়া (দাস) পাড়ার পশ্চিম সাঁইতাড়া গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রামবাবু সাধুর দুই ছেলে ভূষণ দাস ও রদশা দাসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিশেষ করে বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকা বণ্টন নিয়ে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা ছিল। ঘটনার সূত্রপাত হয় পুকুরের মাছ নিয়ে। রদশা দাসের পুকুরের মাছ বড় ভাইয়ের জমিতে চলে গেলে তার স্ত্রী সাবিত্রী দাস সেগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে বুধবার সকালে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এরই জের ধরে বুধবার রাতে বাজার থেকে ফেরার পথে রদশা দাসের পথরোধ করেন বড় ভাই ভূষণ দাস ও তার ছেলে অনিমেশ দাস। এ সময় তাদের হামলায় রদশা দাস গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুন নবী জানান, ঘটনার তদন্তের স্বার্থে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় সাবিত্রী দাসকে আটক করেছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ভূষণ দাস ও তার ছেলে অনিমেশ দাস পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
দিনাজপুরের চিরিরবন্দরে মাছ ধরাকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাই রদশা দাসকে (৪৫) গুরুতর আহত অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।



