সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট প্রচার এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির দায় স্বীকার করে ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িক সময়ের জন্য সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ভিডিও অপসারণের ঘটনার পর ভারত সরকার মেটাকে তলব করে। এর পরিপ্রেক্ষিতে মেটার গ্লোবাল টিম ভারতের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে মিলিত হয়। সেই বৈঠকে জাকারবার্গের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার বার্তাটি আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হয়। এনডিটিভির পূর্ববর্তী প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদির ভিডিও মুছে ফেলার ঘটনায় মেটা সিইওকে তিন দিনের আলটিমেটাম দিয়েছিল ভারত সরকার।
বৈঠকে মেটা টিমকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা আইটি আইনের আওতায় ‘মধ্যস্থতাকারী’ হিসেবে বিবেচিত হবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কারা কনটেন্ট দেখতে পাবে, তা নির্ধারণের ক্ষেত্রে মেটা আইটি অ্যাক্টের ‘সেইভ হারবার’ সুরক্ষার আওতাভুক্ত নয় বলে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
আলোচনার সময় মেটার কর্মকর্তারা স্বীকার করেছেন যে, নির্দিষ্ট কিছু কনটেন্ট প্রচারের জন্য বড় অংকের অর্থ ব্যয় করা হয়েছে। অবৈধ কনটেন্ট প্রচারের বিষয়টি মেটা কর্তৃপক্ষ তাদের ভুল হিসেবে মেনে নিয়েছে। তবে এই ঘটনার রেশ কাটেনি; ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, জবাবদিহিতা নিশ্চিত করতে মেটার কর্মকর্তাদের ভবিষ্যতে আবারও তলব করা হবে।



