জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গত বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে একটি শো শেষ করে বাসায় ফেরার পথে তার ব্যক্তিগত গাড়িটি একটি পিকআপের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় তিনি বুকে, হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনার ছবি শেয়ার করে তিনি জানান, আল্লাহর রহমতে বড় ধরনের কোনো বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছেন।
মৌসুমী মৌ জানান, পিকআপের ধাক্কায় তিনি গাড়ির ভেতরে একপাশ থেকে অন্যপাশে ছিটকে পড়েন। তিনি বলেন, মাথা, বুক, হাত ও পায়ে ব্যথা পেয়েছি। দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধান না থাকলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত। এমনকি পিকআপটি গাড়ির দরজার দিকে আঘাত করলে পরিস্থিতি আরও খারাপ হতো বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে পিকআপ চালকের একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী অভিযোগ করেন, চালকের আচরণ ছিল অস্বাভাবিক এবং গাড়িটির ব্রেকেও যান্ত্রিক ত্রুটি ছিল। যদিও পিকআপটির মালিক দাবি করেছেন, ওই চালকের সেদিন গাড়ি চালানোর কথা ছিল না। দুর্ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে।



